চাঁদপুর শহরের একটি ভাড়া ফ্ল্যাট থেকে এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পূরবী মার্কেটসংলগ্ন নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি ফ্ল্যাটে এ মরদেহ পাওয়া যায়। নিহত নারীর বয়স ৬০ বছর।
ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) দেলোয়ার হোসেন জানান, এশার নামাজের পর ওই নারীর এক মেয়ে ফোন করে জানান, দীর্ঘ সময় ধরে তাঁর মা ফোন ধরছেন না। এরপর দেলোয়ার ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করেন। কোনো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে তিনি বিছানায় রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বাড়ির মালিককে খবর দেন।
বাড়ির মালিক আইয়ুব আলী জানান, মাত্র ১৮ দিন আগে ওই নারী ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এবং তখন থেকে সেখানে একাই থাকতেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাঁরা বুঝতে পারছেন না বলে জানান তিনি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় নিহত নারীর হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন স্বজনেরা। তাঁদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তাৎক্ষণিকভাবে কোনো সূত্র পাওয়া যায়নি। সদর মডেল থানা-পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।