সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, কপ৩১ নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারিক রহমানের কপ৩১ সম্মেলনে সম্ভাব্য অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারিক রহমানের কপ৩১ সম্মেলনে সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও তুরস্ক। শুক্রবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এক বৈঠকে এই আলোচনা হয়। কপ৩১ সম্মেলনটি তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে তারা আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলন, বিশেষ করে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে মতবিনিময় করেন। যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এছাড়াও, উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর জন্য বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেছে। বৈঠকে প্রতিমন্ত্রী কবির ২০২৭ সালের প্রথম দিকে বাংলাদেশ কর্তৃক আয়োজিতব্য একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে তুরস্ককে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।