মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

খেলাপি ঋণ বৃদ্ধির দায় শুধু সাম্প্রতিক দুই বছরের নয়: বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, সম্পদমান পর্যালোচনায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র সামনে এসেছে; ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণে অগ্রগতির আশা।

ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বৃদ্ধি এবং বিভিন্ন আর্থিক সূচকের অবনতির দায় সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ওপর চাপাতে চায় না বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত মানের অবনতিরই প্রকৃত চিত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ ও সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা একিউআর) চলছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, দুর্বলতা দূর করে টেকসই সংস্কারের জন্য ব্যাংক খাতের প্রকৃত অবস্থা নিরূপণ অপরিহার্য। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, চলমান সংস্কারের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।

সংস্কারের অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজনে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফেরাতে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনায় পুনর্মূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের আশা, পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাংক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে এবং খাতটির প্রতি মানুষের আস্থা বাড়বে।