বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পোশাক খাতের মজুরি বোর্ডের গেজেট সাত দিনের মধ্যে, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে মজুরি পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রী

গাজীপুরে মতবিনিময় সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্তের কথা জানান।

তৈরি পোশাক শিল্পে সৃষ্ট শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে এবং আগামী সাত দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে। তাঁর দাবি, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। শ্রমিক না হয়েও শ্রমিক সংগঠনের নেতা সেজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

কারখানা মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে। শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে এই সেল গঠিত হবে। সেলে কোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন। মন্ত্রী সবাইকে অযথা রাস্তায় বিশৃঙ্খলা না করে সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের আহ্বান জানান।

সভায় গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া সভাপতিত্ব করেন এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার সঞ্চালনা করেন। গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য, জিএমপি কমিশনার, জেলা পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তা এবং মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।