রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল। আজ শনিবার ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।
রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মাহমুদ জামাল চার দশকের বেশি সময় ধরে ক্রীড়ার উন্নয়ন ও প্রসারে কাজ করেছেন। দীর্ঘদিন তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেছেন এই ক্রীড়া সংগঠক।
২০০৫ ও ২০০৮ সালে দুই মেয়াদে তিনি বিসিবির পরিচালক ছিলেন। তখন তাঁর সঙ্গে কাজ করেছেন বর্তমানে বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেক দিন কাজ করেছেন। অনেক ভালো ভালো কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য উনার অনেক অবদান আছে। এককথায় বললে উনি অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। রাজশাহীর ক্রিকেটের জন্যও অনেক কাজ করেছেন।’
মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। রাজশাহীর ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করছেন সহকর্মী ও ক্রীড়ামোদীরা।