সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিপি সিঙ্গাপুরের কাছ থেকে পাঁচ কার্গো ও কাতার থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার, জাপানের জেরার সঙ্গেও চুক্তির উদ্যোগ

অর্থমন্ত্রীর সভাপতিত্বে শনিবার ক্রয় ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব অনুমোদন হয়েছে।

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন পায়।

ক্রয় কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক গ্যাসের দাম জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম ধরা হয়েছে। প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গোও কেনা যাবে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর বিধি ৯৯(২) অনুসরণ করে এ কেনাকাটার সিদ্ধান্ত হয়েছে।

আরেকটি প্রস্তাবে সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য প্রস্তাবিত এ কার্গোর দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক গ্যাসে জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।

একই দিন অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে একই আইন ও বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার কথা বলা হয়েছে। পাশাপাশি পেট্রোবাংলা ও জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।