রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮ হাজার টাকা; ঢাকায় হবে আটটি জোন

নতুন বিধিমালায় আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক নয়; নিবন্ধনের আগে রিকশা বুয়েট-অনুমোদিত নকশায় সংশোধন করতে হবে।

ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় সোমবার থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। আপাতত চালকদের ড্রাইভিং লাইসেন্স লাগবে না। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি জোন করা হবে। প্রতিটি জোনের রিকশার জন্য থাকবে আলাদা রং, ফলে এক জোনের রিকশা অন্য জোনে চলতে পারবে না।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নতুন বিধিমালা প্রকাশের পর ই-রিকশাচালকদের আতঙ্কিত না হতে আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে এবং অবৈধ ই-রিকশা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য সংশ্লিষ্টদের কিছুটা সময় দিতে হবে। বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন করে আতঙ্ক তৈরি করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। আপাতত যাঁরা যেভাবে রিকশা চালাচ্ছেন, তাঁদের নিয়ম মেনে চালাতে বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, চালকদের ড্রাইভিং লাইসেন্স আপাতত বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে গেলে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে এবং পর্যায়ক্রমে চালকদের লাইসেন্সের আওতায় আনা হবে।

নিবন্ধনের আগে বিদ্যমান ই-রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করতে হবে; এরপরই নিবন্ধন দেওয়া হবে। উৎপাদনকারীদেরও অনুমোদিত নকশা মেনে যানবাহন তৈরি করতে হবে।

বিধিমালায় চার্জিং স্টেশন স্থাপনের বিষয়েও নির্দেশনা রয়েছে। নির্দিষ্ট স্থানে চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া হবে; সৌরবিদ্যুতে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে রিকশা চার্জ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা এসব কার্যক্রম নিয়মিত তদারক করবেন।