শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সরাইল থানায় এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি, থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে

ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী; ছড়িয়ে পড়েছে তিনটি ভিডিও।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এ জিডি করা হয়। বিষয়টি শুক্রবার সন্ধ্যার পর জানাজানি হয়। জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, থানায় যাঁরা এসেছিলেন, তাঁদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের ভাষ্য, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেন না। তাঁদের দাবি, ওসির কাছে নিরাপত্তা চেয়েও পাননি সংসদ সদস্য। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রুমিন ফারহানা থানায় ওসির কক্ষে যান। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া তিনটি ভিডিওর একটির দৈর্ঘ্য ৭ মিনিট ৮ সেকেন্ড, আরেকটির ৫৭ সেকেন্ড এবং অন্যটির ২ মিনিট ২৩ সেকেন্ড। রুমিন ফারহানা বলেছিলেন, ওসির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে আলোচনা করতেই তিনি থানায় গিয়েছিলেন এবং দুই পাতার একটি তালিকাও নিয়ে গিয়েছিলেন; তাঁর দাবি, ওসি কোনো সদুত্তর দিতে পারেননি।

এদিকে পিএস জাকির হোসেন জানান, ওসির বিষয়গুলো তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন। তাঁর ভাষ্য, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।