নানা সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণ আবার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়ে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে জুন শেষে বিতরণ করা ঋণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা বা ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
ব্যাংকের ধরন অনুযায়ী হিসাবে, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা এসব ব্যাংকের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা বা ৩২ দশমিক ০২ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ১৮ হাজার ৩০৩ কোটি টাকা বা ৩৯ দশমিক ৫১ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। এ ছাড়া দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালীদের কাছ থেকে ঋণ আদায় না হওয়ায় খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে।