শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির পদায়ন ও মনোনয়নের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ে অর্থ আদায়ের অভিযোগে সিংড়া থেকে আবু হুরায়রাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে নানা ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে নাটোরের সিংড়া উপজেলা থেকে আবু হুরায়রা (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিংড়ার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে নাটোরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিতেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার এবং বিএনপির রাজনৈতিক পদায়ন ও মনোনয়নের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিতেন। এভাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং মাধ্যমে বিপুল অর্থ দাবি ও আদায় করতেন বলে অভিযোগ।

পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ সিংড়ায় তাঁর বাড়িতে অভিযান চালায়। আবু হুরায়রা সিংড়ার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, এর আগে সরকারি বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান পদে কাজ করার সময়ও প্রতারণার অভিযোগে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় নতুন একটি মামলা করা হয়েছে। এই প্রতারণায় আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।