রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
ডিএমপি জানায়, সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়। কিন্তু পুলিশের ভাষ্য, ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ বলছে, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার করলে জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি বলেও মনে করছে ডিএমপি।
ডিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।