রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের রাজশাহী জেলা শাখার অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার প্রশংসা করেন।

রাজশাহীতে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শনিবার আইডিইবির রাজশাহী জেলা শাখার কার্যালয়ে উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, একটি জাতির প্রকৃত শক্তি জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতায় নিহিত। দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে ও কারিগরি শিক্ষার প্রসারে আইডিইবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেন তিনি। ভূমিমন্ত্রীর ভাষ্য, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সম্পৃক্ত হতে হবে। পুরোপুরি অর্থনৈতিক সফলতা পেতে নারী ও পুরুষ উভয়কেই কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. এ আর জামিল ইদি। সঞ্চালনা করেন সদস্যসচিব প্রকৌশলী মো. আহসান হাবীব। আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।

অনুষ্ঠানে আইডিইবির রাজশাহী শাখার সদস্য, বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আইডিইবির সঙ্গে আগেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমিমন্ত্রী।