মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যায়

বোয়েসেল সূত্রের তথ্য: ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় শাহজালাল বিমানবন্দর থেকে ছাড়বে ফ্লাইট; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। তাঁদের বহনকারী প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। মঙ্গলবার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রথম ফ্লাইটটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ফ্লাইটের কর্মীরা মালয়েশিয়ার ‘ডিএইচএল’ প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তাঁদের যাতায়াতসহ সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, আগের সরকারের আমলে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে কাজ করছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানিয়েছিলেন।

তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।