সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নওগাঁর সাপাহারের জবই বিলে শীতের শুরুতেই বাড়ছে পরিযায়ী পাখির আনাগোনা

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, গত বছরের তুলনায় এবার বিলে পাখির সংখ্যা ও প্রজাতি বেশি দেখা যাচ্ছে।

শীতের আগমনে দেশি-বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে বিলটিতে অতিথি পাখির দল আসতে শুরু করেছে।

স্থানীয় পরিবেশকর্মীরা জানিয়েছেন, গত বছরের তুলনায় চলতি বছর পাখির আগমন ও বিচরণ বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির হাঁস, পাতি সরালি ও অন্যান্য জলচর পাখির অবাধ বিচরণে বিলজুড়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ওই বছর বিলে ২৬ প্রজাতির পরিযায়ী পাখিসহ মোট ৪৪ প্রজাতির পাখির উপস্থিতি রেকর্ড করা হয়েছিল। সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, এ বছর গত বছরের তুলনায় বিভিন্ন প্রজাতির পাখির আগমন বেড়েছে। বিশেষ করে হাঁস ও পাতি সরালিসহ জলচর পাখির উপস্থিতি বেশি।

তিনি আরও বলেন, পাখির নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থা ও উপজেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে। তাঁর মতে, পাখির নিরাপদ আবাসস্থল রক্ষায় স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। পাখি শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবেশকর্মীরা আশা করছেন, দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীরা বিলে আসবেন। যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে বিলটি দেশের অন্যতম আকর্ষণীয় পাখি পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছেন, পাখি দেখুন, ছবি তুলুন; তবে পাখিদের বিরক্ত করবেন না।