সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা স্থিতি রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। অবরুদ্ধ হিসাবগুলো সিটি ব্যাংকের।
এর আগে হিসাব অবরুদ্ধ করতে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা। আবেদনে বলা হয়, আহমাদুল বাশার একজন সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে দখলে রেখেছেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি নিজের নামে থাকা অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এসব অর্থ হাতছাড়া হলে অনুসন্ধানের উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এখন পর্যন্ত এটি অনুসন্ধান পর্যায়ের পদক্ষেপ; অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।