পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা, সেখান থেকে কামরাঙ্গীরচর ও রায়েরবাজার হয়ে গাবতলী—রাজধানীর ভেতরের ব্যস্ত সড়ক এড়িয়ে যানবাহন চলাচলের এমন একটি বিকল্প পথ তৈরির উদ্যোগ এগোচ্ছে। এর অংশ হিসেবে রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচরের লোহারপুল পর্যন্ত সরু সড়ক আট লেনে উন্নীত করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, একসময়ের সরু সড়কের জায়গায় ১২০ ফুট চওড়া পথের অবয়ব দৃশ্যমান হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাস্তবায়নাধীন ইনার সার্কুলার রিং রোডের প্রথম ধাপের ভৌত অগ্রগতি ৫২ শতাংশ। রায়েরবাজার–লোহারপুল অংশের কাজ শেষ করার নতুন সময়সীমা আগামী বছরের জুন। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত দ্বিতীয় ধাপ বাস্তবায়নে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে, যাতে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২০০ কোটি টাকা।
প্রথম ধাপের মূল সড়কটি ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ। পরিকল্পনা অনুযায়ী মাঝের চার লেন হবে এক্সপ্রেসওয়ে, আর দুই পাশের চার লেন থাকবে স্থানীয় যানবাহনের সার্ভিস রোড হিসেবে। মূল পথের সঙ্গে স্থানীয় সড়ক যুক্ত করতে নির্মাণ করা হচ্ছে দুই কিলোমিটার সংযোগ সড়ক। প্রকল্পে দুই পাশে ১০ কিলোমিটার ফুটপাত ও ১০ কিলোমিটার নর্দমা, তিনটি যানবাহন পারাপারের ওভারপাস, তিনটি পদচারী-সেতু, বাস থামার ছয়টি নির্ধারিত স্থান ও ছয়টি যাত্রীছাউনিও রয়েছে।
তবে প্রথম ধাপ শেষ হলেই পোস্তগোলা থেকে গাবতলী পর্যন্ত পুরো বিকল্প পথের সুবিধা মিলবে না। এ জন্য দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পাশাপাশি রায়েরবাজার থেকে গাবতলীমুখী সংযোগও কার্যকর থাকতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক কর্মকর্তা জানান, রায়েরবাজার থেকে গাবতলী পর্যন্ত অংশটি উন্নয়নের জন্য এখন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নিয়ন্ত্রণে আছে।
ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, করপোরেশনের অন্য কাজগুলোর মধ্যে এই কাজের অগ্রগতি বেশি ভালো এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম ধাপের কাজ শেষ হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ সরকার শিগগিরই অনুমোদন দেবে বলে তিনি আশা করছেন। সংশ্লিষ্টদের মতে, এই পথ চালু হলে যেসব যানবাহনের গন্তব্য রাজধানীর কেন্দ্রীয় এলাকা নয়, সেগুলো শহরের ভেতরের সড়ক এড়িয়ে যেতে পারবে।