নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার বুধবার বন্ধ ছিল না, বরং রক্ষণাবেক্ষণ ও কিছু কারিগরি উন্নয়নের কাজের কারণে প্রায় দেড় ঘণ্টা সার্ভার ‘ধীরগতির’ ছিল। কমিশনের এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের সিস্টেম বন্ধ ছিল না। রক্ষণাবেক্ষণের কাজের কারণে ঘণ্টা দেড়েক সেবা পেতে কিছুটা ধীরগতি ছিল।’ তাঁর ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টার আগে থেকে ১টা পর্যন্ত এই সমস্যা ছিল। কিছু বিষয় আপগ্রেড করার প্রয়োজন হয়েছিল এবং এ ধরনের কাজ মাঝেমধ্যেই করা হয়।
সার্ভারে প্রবেশ করতে না পারায় অনেকের কাছে সেটি বন্ধ বলে মনে হতে পারে—এ কথা উল্লেখ করে আশরাফ হোসেন বলেন, ‘কেউ যদি সার্ভারে অ্যাক্সেস করতে না পারেন, তাহলে তাঁর মনে হতে পারে সার্ভার ডাউন। কিন্তু বাস্তবে সেটি বন্ধ ছিল না।’
সম্প্রতি পিএইচপির নিরাপত্তাগত ত্রুটি নিয়ে তৈরি হওয়া শঙ্কার সঙ্গে এই সমস্যার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। আশরাফ হোসেন বলেন, পিএইচপির ওই শঙ্কা থেকে তাঁরা মুক্ত।
এনআইডি সার্ভার দিয়ে নাগরিকেরা ব্যাংক, মোবাইল সংযোগসহ নানা সেবায় পরিচয় যাচাই করেন। তাই সার্ভারে সাময়িক সমস্যা হলেও অনেক সেবাগ্রহীতাকে অসুবিধায় পড়তে হয়।