গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে সিলেট অভিমুখে ডাকা লংমার্চ স্থগিত করেছে ১১ দলীয় জোট। আগামী ২১ নভেম্বর এ কর্মসূচি পালনের কথা ছিল। শনিবার (১৪ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেন।
জোটটি এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে, ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে এবং ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছিল। সবশেষ দাবি আদায়ে ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল। চতুর্থ এ কর্মসূচি শুরুর প্রায় এক সপ্তাহ আগে তা স্থগিতের ঘোষণা এল।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘২১ তারিখকে সামনে রেখে আমরা আপাতত প্রস্তুতি নিচ্ছি না, এটুকু বলা যায়। বাকি সিদ্ধান্ত শীর্ষ বৈঠকে যা হবে, সে অনুযায়ী জানাতে পারব।’ স্থগিতের কারণ হিসেবে তিনি জানান, দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী কর্মসূচি ও আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেই বৈঠক এখনো হয়নি; খুব শিগগির বৈঠকে বসবেন বলে জানান তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলও হামিদুর রহমান আযাদ বলেন, স্থগিত লংমার্চ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে ঠিক করা হবে এবং নতুন করে কর্মসূচি সাজানো হবে। সবকিছু মিলিয়ে শীর্ষ বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।