টানা ৩৬ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শেষে বুধবার ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা চালু হলেও বিদায়ী উপাচার্যকে পুনর্বহালের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সকালে সরেজমিনে নগর ও পরিকল্পনা বিভাগে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোয় আলাদাভাবে বিভিন্ন ব্যাচের ক্লাস চলছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। আরও কয়েকটি বিভাগেও একই চিত্র দেখা গেছে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফৌজিয়া গুলশানা রশিদ বলেন, তাঁদের বিভাগে সব ব্যাচেই ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হয়েছেন।
তবে বেশ কয়েকটি বিভাগে বুধবার ক্লাস শুরু হয়নি। এর মধ্যে রয়েছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। দুটি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার ক্লাস শুরুর কথা থাকলেও ইউজিসির পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে আসেননি; বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, তাঁদের বিভাগ ক্লাস নেওয়ার জন্য শতভাগ প্রস্তুত ছিল।
কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগেও ক্লাস শুরু হয়নি। বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব কুমার ধর জানান, শিক্ষার্থীদের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো আবেদন পাননি তিনি। শিক্ষার্থীরা কোর্স সমন্বয়কের মাধ্যমে আবেদন করলে তা বিবেচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত রোববার দুপুরে চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শিক্ষকদের সহযোগিতা চেয়ে খোলা চিঠি দেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়।