জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে থাকা এক মধ্যবয়সী নারীকে রোববার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত আটটা পর্যন্ত তাঁকে সেখানে দেখা গেছে। রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
এরপর থেকে নারী শূন্যরেখায় অবস্থান করছিলেন। দুই দেশের সীমান্তরক্ষীরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় তিনি কোনো দেশেই ঢুকতে পারেননি। তীব্র রোদ ও কড়া নজরদারির মধ্যে খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয়েছে তাঁকে, ফলে সেখানে মানবিক সংকট তৈরি হয়।
রোববার সকালে স্থানীয় লোকজন জানতে পারেন, নারী আর সেখানে নেই। তাঁকে কেউ সরিয়ে নিয়েছেন, নাকি তিনি নিজে অন্য কোথাও চলে গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে পাথরের চর এলাকার এক বাসিন্দা বলেন, নারী শনিবার রাতেও সেখানে ছিলেন; রোববার সকালে গ্রামবাসীর মাধ্যমে তিনি জেনেছেন, শনিবার রাতেই বাংলাদেশের প্রশাসনের লোকজন তাঁকে সেখান থেকে নিয়ে গেছেন। তবে কোথায় নিয়ে গেছেন, তা তিনি জানেন না। এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল। রোববার সকাল সাতটার দিকে গ্রাম পুলিশ তাঁকে জানান, ওই নারীকে আর সেখানে দেখা যাচ্ছে না; তিনি কোথায় গেছেন, তা কেউ বলতে পারছেন না। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।