দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো ডেঙ্গু ও হাম–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুর বিভাগে ৪৩ জন রয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৭৭৩ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২১৭ জন। এরপর খুলনা বিভাগে ৮৪, চট্টগ্রামে ৪৬, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০ এবং রাজশাহীতে ২৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগে মারা গেছেন আটজন, সিলেট বিভাগে চারজন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ডেঙ্গুর পাশাপাশি হামের সর্বশেষ পরিস্থিতিও জানানো হয়েছে।