সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

বন্ধ ও লোকসানি ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছাড়ার পরিকল্পনা, চূড়ান্ত হচ্ছে নীতিমালা

অব্যবহৃত জমি, স্থাপনা ও শেয়ার হস্তান্তর বা বিক্রির খসড়া নীতিমালা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নীতিনির্ধারণী বৈঠক হয়েছে।

বন্ধ ও লোকসানি রাষ্ট্রীয় শিল্প-প্রতিষ্ঠান সচল করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি, স্থাপনা ও শেয়ার বিক্রির কথা ভাবা হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। এ-সংক্রান্ত আইন সংস্কারের কাজও চলছে।

সূত্র জানায়, খসড়া নীতিমালা যাচাই ও চূড়ান্ত করতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নীতিনির্ধারণী বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে ওই বিশেষ সভায় ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয় সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। সভায় অংশ নেওয়া একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ জন্য প্রাথমিকভাবে ৪৪টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। এগুলো প্রথমে সরকারি-বেসরকারি যৌথ মালিকানায় বা সম্পূর্ণ বেসরকারি মালিকানায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তালিকায় গত ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘রোড শো’-তে উপস্থাপিত কোম্পানিগুলোও রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সমন্বয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নীতিমালার খসড়া তৈরি করেছে।

নীতিমালা চূড়ান্ত করার আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরকারি সম্পদের আগের দায়দেনা ও কর বকেয়া-সংক্রান্ত জটিলতার বিষয়টি তোলে। কোনো বিনিয়োগকারী যাতে আইনি ও আর্থিক ঝুঁকিতে না পড়েন, সে জন্য সম্পদ হস্তান্তরের আগে সব ধরনের দায়দেনা পরিশোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কোনো ক্ষেত্রে দায়দেনা সম্পদের মূল্যের চেয়ে বেশি হলে কেস-টু-কেস ভিত্তিতে দায় মওকুফ বা পরিশোধের আলাদা ব্যবস্থা নেওয়ার পক্ষেও মত এসেছে।

খসড়া নীতিমালার ওপর লিখিত মতামত দিতে অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। মতামত পরিমার্জনের দায়িত্ব ইনভেস্ট বাংলাদেশের। এরপর নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভায় পাঠানো হবে।

সংশ্লিষ্টদের মতে, নীতিমালা কার্যকর হলে হাজার হাজার একর অলস সরকারি জমি ও অকেজো কারখানা বাণিজ্যিক সম্পদে রূপ নিতে পারে। তবে কঠোর আইনি তদারকি না থাকলে রাষ্ট্রীয় সম্পদ কম দামে প্রভাবশালী গোষ্ঠীর হাতে চলে যাওয়ার ঝুঁকিও আছে বলে তাঁরা সতর্ক করছেন।