আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এ বৈঠক হয়।
যশোরে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ভারতের বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি বৈঠকে নেতৃত্ব দেন। ছয় সদস্যের বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল দলজিত সিং।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। বৈঠকের আলোচ্য বিষয়ের বিস্তারিত সিদ্ধান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।