রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সার কারখানা বাদে শিল্প মন্ত্রণালয়ের বাকি কারখানা পিপিপিতে বেসরকারি খাতে ছাড়বে সরকার: শিল্পমন্ত্রী

আগামী বছরের শুরুতে প্রক্রিয়া শুরু হতে পারে; দরপত্র থেকে হস্তান্তরে সাড়ে পাঁচ থেকে ছয় মাস লাগবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সার কারখানা বাদে অন্য সব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এসব কারখানায় বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করা হবে। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সার কারখানা বাদে অন্য সবগুলোতে সরকার ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করবে, আর তা হবে পিপিপি মডেলে। এর অধীনে কয়েকটি পদ্ধতির মধ্যে আছে দীর্ঘমেয়াদি ইজারা, রাজস্ব ভাগাভাগি ও মুনাফা ভাগাভাগি। এই তিন পদ্ধতির কোনো একটির আওতায় কারখানাগুলো ছাড়া হবে।

দরপত্র আহ্বান থেকে হস্তান্তর পর্যন্ত কত সময় লাগতে পারে, জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, দরপত্র করার সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে একেকটি কারখানা হস্তান্তর করা সম্ভব হবে। এ সময়ের মধ্যে দরপত্র মূল্যায়ন এবং কারিগরি ও আর্থিক সমীক্ষা করা হবে; এরপর নির্বাচিত উদ্যোক্তার কাছে কারখানা হস্তান্তর করা হবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক করা যায় কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এ মুহূর্তে সরকারের কাজ হচ্ছে বিদ্যমান ব্যবস্থায় উদ্যোক্তাদের ঋণ পাওয়ার পথ সহজ করা। জামানতের শর্তের কথা তুলে ধরে তিনি বলেন, ছয় থেকে বারো লাখ টাকা ঋণ নিতে গেলেও অনেক ছোট উদ্যোক্তার পক্ষে ব্যাংকের শর্ত পূরণ করা কঠিন হয়ে পড়ে। তাই জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) একটি কর্মসূচির আওতায় এখন দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায়; ভবিষ্যতে তা বাড়ানো হবে। বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় ছোট উদ্যোক্তাদের কী সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে এসএমই ফাউন্ডেশনের বোর্ডের কাছে সুপারিশ চাওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, রাজশাহী, পাবনা ও আঞ্চলিক কার্যালয়গুলোতে গিয়ে তিনি উদ্যোক্তাদের কাছে শুনেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সনদ নিতে তাঁদের কষ্ট হয় এবং সংস্থাটির ফি নিয়েও তাঁদের প্রশ্ন আছে। অনেক সময় আঞ্চলিক কার্যালয়ের নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এ নিয়ে কাজ চলছে এবং আগামী দিনে সহজ সমাধান মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।