রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে, ‘এখানে আবেগের বিষয় নেই’: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই আছে; ভারত হস্তান্তর করলে তাঁকে নিয়ম অনুযায়ী আইনের আওতায় সোপর্দ করা হবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যেই আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ক্ষেত্রে আবেগের কোনো বিষয় নেই; সরকার আইন প্রয়োগ করবে।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। কর্মশালার আয়োজক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি); অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। বিষয়টা হলো, আমি আমার আইনটাকে প্রয়োগ করব।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালতে আইনি লড়াই করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এইটা ভারত সরকারের ব্যাপার। বন্দীবিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার সেভাবে করব।’

সরকার বন্দিবিনিময় চুক্তির কথা বললেও ভারতে শেখ হাসিনা বন্দি হিসেবে নেই; ভারত তাঁকে রাষ্ট্রীয় অতিথি বলছে—এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটা হলো আমাদের কাছে তার পরিচয়।’ ভারত কী বলছে, সেটি বিবেচ্য নয় উল্লেখ করে তিনি বলেন, তাঁর রাষ্ট্রে উন্মুক্ত আদালতে বিচার হয়েছে।