বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন দেশের ২১ হাজার গ্রাহক। এ জন্য সরকারের দেওয়া ৫০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিকেএসএফ জানিয়েছে, দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি সংস্থাটিকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এই অর্থ সংস্থার ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হবে। এর মাধ্যমে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন।
কর্মসূচির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এর অংশ হিসেবে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর করে অর্থ ছাড় শুরু হয়েছে; এসব সংস্থার মাধ্যমে গ্রাহকেরা ঋণ নিতে পারবেন। পিকেএসএফের হিসাবে, এই তহবিলে দেশের ২১ হাজার গ্রাহকের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো সম্ভব হবে, যা থেকে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমবে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে। পিকেএসএফের প্রক্ষেপণ অনুযায়ী, আগামী ১৫ বছরে অন্তত ছয় লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। এ ছাড়া সৌরব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থান তৈরির আশাও করছে সংস্থাটি।
কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তাৎক্ষণিকভাবে দেখা যাবে বলে জানিয়েছে পিকেএসএফ।