দেশের জ্বালানি তেল আমদানির দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) আর্থিকভাবে দুর্বল ও সংকটে থাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা যাচাই করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে গত ৩ নভেম্বর কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। ব্যবস্থাপক (হিসাব/তহবিল) মো. আল-আমিন সদস্যসচিবের দায়িত্বে আছেন। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত শেষ করে বিপিসি চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেল আমদানির মতো গুরুত্বপূর্ণ খাত পরিচালনায় বিপিসির হাতে নিয়মিতভাবে বড় অঙ্কের অর্থ থাকে। প্রয়োজন অনুযায়ী এই অর্থ বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসেবে রাখা হয়।
অফিস আদেশ অনুযায়ী, কমিটি প্রথমেই দেখবে কোন প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এত বড় অঙ্কের এফডিআর রাখা হয়েছিল এবং কোন কর্মকর্তা বা কর্মকর্তাদের সুপারিশে সিদ্ধান্ত হয়েছিল। ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি ও আমানত ফেরত দেওয়ার সক্ষমতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।
বেশি সুদের প্রস্তাবকে আমানত রাখার সিদ্ধান্তে কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কি না কিংবা কমিশন, ঘুষ বা অনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখবে কমিটি।
কমিটির অন্যতম দায়িত্ব হলো বর্তমানে নাজুক ব্যাংকগুলোর এফডিআরে থাকা ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা নিরাপদে ফেরত আনার উপায় ঠিক করা। কোন ব্যাংকে কত অর্থ আছে, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা কী এবং নির্ধারিত সময়ে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কী ঝুঁকি আছে, তা পর্যালোচনা করে কর্মপরিকল্পনার সুপারিশ করতে বলা হয়েছে।
ভবিষ্যতে এফডিআর ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা তৈরির সুপারিশও কমিটির কাজের মধ্যে রয়েছে। সেখানে ব্যাংকের আর্থিক সক্ষমতা, তারল্য, নগদ প্রবাহ ও আমানত ফেরতের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় শুধু বেশি সুদের হার না দেখে ব্যাংকের সামগ্রিক আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়ন করা জরুরি।