আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার বিধি ৩২-এর উপ-বিধি (১) ও (২)-এ এই বিধান প্রতিস্থাপন করা হয়েছে।
সংশোধিত উপ-বিধি (১) অনুযায়ী, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত প্রতিবেদনে যদি কমিশনের কাছে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী কিংবা তাঁর নির্বাচনি এজেন্ট বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে। বিধিমালার অন্য কোনো বিধানে যা-ই থাকুক না কেন, এই ক্ষমতা কার্যকর থাকবে।
উপ-বিধি (২)-এ বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর কমিশন যদি সন্তুষ্ট হয় যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর নির্বাচনি এজেন্ট, কিংবা তাঁর নির্দেশে বা তাঁর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দিয়ে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।
অর্থাৎ নিজে সরাসরি জড়িত না থাকলেও প্রার্থীর সম্মতিতে বা তাঁর পক্ষে অন্য কেউ আচরণবিধি ভাঙলে সেই দায় প্রার্থীর ওপর বর্তাতে পারে। সংশোধিত বিধান অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের তথ্য কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত প্রতিবেদনে এলেও কমিশন তদন্তের নির্দেশ দিতে পারবে।