জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ জেলা ও মহানগরে শোভাযাত্রা করবে দলটি। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।
কর্মসূচি ঘোষণার বার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়, অতীতে একটি রাজনৈতিক দল ইতিহাসের সবকিছু অস্বীকার করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিএনপির ভাষ্য, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ সংকট থেকে রক্ষা পায় এবং জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করেন।
সংবাদ সম্মেলনে রিজভী পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়েও কথা বলেন। তাঁর অভিযোগ, পলাতক শক্তি দেশের বাইরে থেকে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে এবং শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উসকানি দিচ্ছেন। রিজভীর দাবি, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু কারখানার মালিকও এসব অরাজকতায় জড়িত এবং প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে।
রিজভী বলেন, ৭ নভেম্বর উপলক্ষে পোশাকশ্রমিকদের কর্মসূচির নিরাপত্তা দেবে জনগণ; সরকার ও জনগণ প্রস্তুত আছে এবং কোনো অরাজকতা সৃষ্টির সুযোগ নেই। উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলেও তিনি মন্তব্য করেন।