চুয়াডাঙ্গায় টানা কয়েক দিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠে বাড়ন্ত ও নতুন লাগানো ফসল নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। তাঁদের দাবি, কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকেরা জানান, গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিন বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে জেলার কৃষিজমিতে। বৃষ্টির পানিতে ফসলের খেত ও মাঠ তলিয়ে যায়। পানি কমতে শুরু করলে ক্ষতির চিত্র সামনে আসে। জমিতে পানি জমে থাকা এবং তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক ফসল পচে গেছে। রোপা আমন ধান, আলু, সরিষা, গম, পেঁয়াজ, ভুট্টা ও বিভিন্ন সবজির ক্ষতি হয়েছে; সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলু ও আমন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার চার উপজেলায় ধান, সবজি, পেঁয়াজ, আলু, মাষকলাই ও সরিষাসহ বিভিন্ন ফসল ৮১ হাজার ৮৪৯ হেক্টর জমিতে চাষ হয়েছে। এর মধ্যে মাঠে এখনো ৭০ হাজার ৩১ হেক্টর জমির ফসল দাঁড়িয়ে আছে। বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ১৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। জেলায় রোপা আমন ধান ৩৬ হাজার ৭৭৬ হেক্টর, ভুট্টা ৩৫ হাজার ৯৫৬ হেক্টর, সবজি ৬ হাজার ১১০ হেক্টর, আলু ৩৫০ হেক্টর এবং সরিষা ৮৭৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, সার, কীটনাশক ও বীজ বাকিতে কিনে তাঁরা আবাদ করেছেন; শ্রমিক ও সেচের খরচ মেটাতে ধারদেনাও করতে হয়েছে। এখন এসব জমিতে আর কোনো ফসল আবাদ করা সম্ভব হবে না বলে তাঁরা জানান। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির বিষয়ে তাঁদের খোঁজখবর নেয়নি; ঘরে বসে খাতা–কলমে হিসাব করেছে, মাঠের বাস্তব চিত্র সরেজমিনে দেখেনি। তাঁদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ফসল আক্রান্ত হয়েছে এবং এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার মাধ্যমে তাঁদের সহযোগিতা করা হবে।