দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
শিক্ষামন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব প্রতিষ্ঠান ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হতো। শিক্ষা খাতে শৃঙ্খলা আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে আনতে সরকার কাজ করছে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, বিদেশি কারিকুলাম বা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়াও চলছে।
একই অধিবেশনে শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্যও দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদ ৩ হাজার ৪৮টি, বেসরকারি মাধ্যমিকে ৮৫ হাজার ৩৩৩টি, কারিগরি প্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় এক লাখ ১ হাজার ৮৭৩টি।
গ্রাম ও শহরের শিক্ষার সুযোগের ব্যবধান নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।