শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিআরটিএ জানিয়েছে, আগের সময়সীমা ১৫ নভেম্বর থাকলেও সরকার মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের সময় দেড় মাস বাড়িয়েছে।

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো যাবে। বৃহস্পতিবার সংস্থাটি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে বিআরটিএ। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে নম্বরপ্লেট লাগাতে বলা হয়। গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছিল এবং প্রাথমিকভাবে কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ নভেম্বর।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে।

সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের আকারও ঠিক করে দিয়েছে সংস্থাটি। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার, আর অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার।