শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে ট্রাকচাপার ঘটনায় পলাতক চালক পিরোজপুরে গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে এসআই মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মাজহারুল ইসলামকে ধরেছে এসআরবির বরিশাল ইউনিট।

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম (২৫) নামের ওই চালককে ২৯ অক্টোবর দিবাগত রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারাখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বরিশাল ইউনিট-৮–এর সদস্যরা।

আইনগত ব্যবস্থার জন্য পরে তাঁকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে এসআরবি-৮–এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই মাজহারুল আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাতের নিয়মিত ডিউটি শেষে তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মূল ফটকের পশ্চিম পাশে টঙ্গী–ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুজনকে তল্লাশি করা হচ্ছিল। সে সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন।

এজাহার অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। চালক রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসআই মিজানুর রহমান ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাঁকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ভোর সাড়ে ৬টার দিকে এসআই মিজানুর রহমানও মারা যান।

ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর আগে ঘটনার পর ঘাতক পিকআপটি উদ্ধার ও এর হেলপারকে গ্রেপ্তারের খবর পাওয়া গিয়েছিল।