রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ, তিনি রুয়েটের সাবেক শিক্ষার্থী

৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া অতিরিক্ত আইজিপি রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাঁকে এই পদে নিয়োগ দিয়েছিল।

এসআরবি জানায়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদের জন্য স্বাগত দরবারের আয়োজন করা হয়। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারি, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যকে উদ্যোগী হতে বলেন তিনি।

ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশে যোগ দিয়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘ চাকরিজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন), সাবেক র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিনি লাইবেরিয়া ও সুদানেও কাজ করেছেন।