আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে পর্তুগালের বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। ইউরোপের শক্তিশালী দলটির বিপক্ষে হারলেও বাংলাদেশের কিশোরদের শুরুটা ছিল চমকপ্রদ।
২০ মিনিটের দুই অর্ধে মোট ৪০ মিনিটের এই ‘এইট-এ-সাইড’ ম্যাচের দ্বিতীয় মিনিটেই বায়েজিদের চমৎকার এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের বিপক্ষে এমন শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার আশা জেগেছিল। তবে শুরুর ধাক্কা সামলে পর্তুগাল দ্রুতই নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দেয়। বাংলাদেশ দলের কিছু ভুল এবং প্রতিপক্ষের ভালো খেলার কারণে ম্যাচ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়।
ফিফা এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এমন বৈশ্বিক আয়োজন করেছে। এতে বিশ্বজুড়ে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।
পর্তুগালের কাছে হারের আগে ইউরোপের আরেক শক্তি ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে নজর কেড়েছিল বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘরোয়া অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট ও ওপেন ট্রায়ালের মাধ্যমে প্রায় দুই মাসের বেশি সময় অনুশীলন করিয়ে এই দল গঠন করেছিল। ওয়েলসের মতো দলের সঙ্গে ড্র এবং পর্তুগালের বিপক্ষে প্রথমে এগিয়ে যাওয়া মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ভাবমূর্তিকে ইতিবাচক বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।