রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার বোর্ড মিলের শ্রমিকদের সড়ক অবরোধ, দুই কর্মকর্তা আহত

কর্তৃপক্ষ ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার বোর্ড মিল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

উত্তেজিত শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে তাঁদের হামলায় আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইরফান পাশা (৪৫) ও নির্বাহী পরিচালক (মেশিনারি) জুলফিকার আলী (৩৪) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তাঁদের উপস্থিতিতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ) কামরুল ইসলাম জানান, আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে শ্রমিকদের লে-অফের ক্ষতিপূরণসহ সব পাওনা পরিশোধ করা হবে। এরপর দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকরা জানান, লে-অফের দুই মাসের ক্ষতিপূরণসহ দুই মাস ২২ দিনের বেতন বকেয়া রয়েছে। তাঁদের অভিযোগ, জ্বালানি সংকট কেটে গিয়ে গ্যাসের চাপ বাড়লেও কারখানা চালু করা হচ্ছে না। আম্বার বোর্ড মিলের নামে ১৪ বছর ধরে গ্যাস সংযোগ থাকলেও তা বন্ধ করে অন্য নামে একটি পেপার মিল চালু করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন। বকেয়া বেতন ও ভাতা না পেয়ে অতিকষ্টে দিন কাটাচ্ছেন বলে জানান শ্রমিকরা।