জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও তাঁর পেছনে বসা আরোহীকে পুলিশ আটক করেছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের মেয়ে-জামাই এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, নুর বানু রোববার বিকেলে কালাইয়ের নান্দাইলদিঘী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বেলা ১২টার দিকে খাওয়াদাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে রাস্তা পার হতে গেলে মোটরসাইকেলের ধাক্কায় তিনি পাকা সড়কের ওপর পড়ে যান।
পথচারীরা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জনতার হাতে আটক মোটরসাইকেলচালক আবদুর রাজ্জাক ও তাঁর পেছনে থাকা শাকিলকে পুলিশ থানায় নিয়ে যায়। তাঁরা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
কালাই থানার ওসি সাইদুল আলম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।