রাজশাহীতে খেজুরের রসের সংকট থাকলেও বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে খেজুরের গুড়ের সরবরাহ। অভিযোগ উঠেছে, খেজুরের রস ছাড়াই অপরিশোধিত চিনি, চিনিকলের চিটাগুড়, কাপড়ের রং, আটা, রাসায়নিক উপাদান, ভেষজ নির্যাস ও কৃত্রিম খেজুরের সুগন্ধি দিয়ে রাতারাতি শত শত মণ ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এসব গুড় ‘খেজুরের গুড়’ নামে বিক্রি হওয়ায় একদিকে প্রতারিত হচ্ছেন ক্রেতারা, অন্যদিকে রাজশাহীর ঐতিহ্যবাহী গুড়ের সুনাম নষ্ট হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, শীত মৌসুম শুরু হলেই চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা ভাড়াটে কারিগর দিয়ে দেড় শতাধিক অস্থায়ী কারখানা চালু করেন। প্রতিটি কারখানায় প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ কেজি করে গুড় তৈরি হচ্ছে। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা, বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকায় এ ধরনের কারখানার কথা বলা হচ্ছে।
প্রশাসনের অভিযানে একাধিক কারখানায় ভেজাল গুড় তৈরির প্রমাণ মিলেছে। ১৫ নভেম্বর বাঘার পীরগাছা ও ১৩ নভেম্বর রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে চারঘাটের মেরামতপুরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ধ্বংস করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরদিনই বেশির ভাগ কারখানা আবার চালু হয়ে যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় খেজুরগাছ রয়েছে ১১ লাখ ৮ হাজার ১৮টি; এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। গাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বিক্রি অস্বাভাবিক হারে বাড়ছে, যা ভেজালের অভিযোগকে জোরালো করছে। পুঠিয়ার বানেশ্বর বাজারে প্রতিদিন ১০০ থেকে ১১০ টন গুড় বেচাকেনা হয়; সাপ্তাহিক বড় হাটের দিনে তা ১২০ থেকে ১৫০ টনে পৌঁছায়।
চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃত্রিম সুগন্ধি মেশানো ভেজাল গুড়ে ঘ্রাণ বেশি হওয়ায় অনেক ক্রেতা বিভ্রান্ত হচ্ছেন, ফলে প্রকৃত উৎপাদকেরা ন্যায্য দাম পাচ্ছেন না। বাঘার মীরগঞ্জের গাছি রফিকুল ইসলামও একই কথা বলেন। অনলাইনে অর্গানিক গুড় বিক্রেতা ওবাইদুর রহমান রিগেন বলেন, একসময় রাজশাহীর নাম শুনেই ক্রেতারা গুড় কিনতে আগ্রহ দেখাতেন, এখন অনেকে আস্থা হারিয়েছেন। বানেশ্বর বাজারের পাইকারি ব্যবসায়ী মাসুদ রানা আশঙ্কা প্রকাশ করেন, এভাবে চললে বড় বাজারগুলোতে রাজশাহীর গুড়ের গ্রহণযোগ্যতা কমে যাবে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, অননুমোদিত রাসায়নিক মেশানো গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা রোগ হতে পারে; দীর্ঘদিন খেলে কিডনি, লিভার ও হৃদ্যন্ত্রের ক্ষতির আশঙ্কাও আছে। শিশুদের জন্য এ ধরনের খাবার বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বাঘা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে এবং নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।