সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সাজেকে মুঠোফোনে কথা বলতে উঠানে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে আহত গৃহবধূ, ভর্তি খাগড়াছড়ি সদর হাসপাতালে

শরীরের দুই জায়গায় গুলিবিদ্ধ ৩০ বছর বয়সী নারীর স্বামী কারাগারে; কারা গুলি করেছে, তা জানা যায়নি।

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন ও খাগড়াছড়ির দীঘিনালার সীমান্তবর্তী এলাকায় ঘরের উঠানে মুঠোফোনে কথা বলার সময় দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গুলিবিদ্ধ নারীর নাম অরুণা চাকমা (৩০)। রোববার রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে হাসপাতালের শয্যায় অরুণা চাকমা জানান, ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। রোববার রাতে তাঁর ননদ ফোন দিলে তিনি কথা বলতে ঘরের উঠানে বের হন। একপর্যায়ে হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা দুই প্রতিবেশীর একজন কল্পনা চাকমা জানান, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর তিনি অরুণার চিৎকার শোনেন। ঘর থেকে বের হয়ে দেখেন, অরুণা মাটিতে পড়ে আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাজেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। তিনি শরীরের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বেশ কিছু দিন ধরে কারাগারে আছেন। দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, যে এলাকায় নারীকে গুলি করা হয়েছে, সেটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। কারা গুলি করেছে, তা জানা সম্ভব হয়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।