সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আশকোনায় আবাসন কোম্পানির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরে আহত ৩-৪ জন

উত্তরখানের আশকোনায় রোববার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন কার্যালয়ে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন কোম্পানি আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৫ থেকে ৩০ জন কার্যালয়ে হামলা চালান। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলার সময় দুই-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কার্যালয়ের আসবাব ভাঙচুর করা হয় এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এতে তিন-চারজন আহত হয়েছেন। হামলার পর কার্যালয়ের করিডরের মেঝেতে ভাঙা ফুলের টব, গাছ ও মাটি ছড়িয়ে থাকতে দেখা যায়।

প্রতিষ্ঠানটির প্রটোকল পরিচালক জহিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের প্রকল্পের পাশের ভবনের মালিক ‘ভাড়াটে সন্ত্রাসী’ দিয়ে হামলা করিয়েছেন। তাঁর দাবি, হামলার পর মামলা না করতে একটি বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

জহিরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ফুটেজ দেখে শনাক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।