দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়। এটি সিএনবি মোড় প্রদক্ষিণ করে আবার লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল। এ ছাড়া বিএনপি নেতা আক্কাস আলীসহ যুবদলের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা ভাড়াটে লোক দিয়ে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছেন। তিনি নেতাকর্মীদের নির্ভয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনেকে ঝটিকা মিছিল করে ‘আপা আপা’ করছেন, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে ছাত্র-জনতা হত্যার দায়ে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। সমাবেশে বক্তারা দেশব্যাপী সহিংসতার প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্যগুলো সমাবেশের বক্তাদের নিজস্ব অভিযোগ ও মন্তব্য। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।