দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।
টিমের সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা এ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে দলটির হাইকমান্ড। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার চেষ্টা চলছে। নাশকতা মোকাবিলার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক নিয়ন্ত্রণ, নেতাকর্মীদের সক্রিয়তা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও কাজ করছে টিমটি।
এরই অংশ হিসেবে খুলনা ও ফরিদপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হয়। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে বসেন তাঁরা; এতে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্যসচিবরা অংশ নেন।
বৈঠকের বিষয়ে বিএনপির নেতা রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে। বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, টিমের কাজের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করা হবে এবং কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে।