যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি আবাসিক এলাকায় ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ৯ জনের সবাই নিহত হয়েছেন। টিআরটি ওয়ার্ল্ড জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে লিয়ারজেট ৬০ বিমানটি প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এফএএ জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে বাহামার নর্থ ইলিউথেরা বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে পাকিস্তানের দৈনিক ডন জানায়, মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলেছেন। ঘটনাস্থলের কাছে লেক ওয়ার্থ বিচে সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, মনে হয়েছে যেন আকাশ থেকে একটি ক্ষেপণাস্ত্র নেমে এসেছে; বিশাল বিস্ফোরণে ধ্বংসাবশেষ বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এএফপির বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানায়, ডিস্যান্টিস দুর্ঘটনাটিকে ‘প্রলয়ংকর’ বলে উল্লেখ করেছেন এবং মাটিতে থাকা কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন।
পাম বিচ কাউন্টির কমিশনার জোয়েল ফ্লোরেস বলেন, একটি মোবাইল হোম পার্কের প্রবেশপথের কাছে সড়কের পাশে বিমানটি পড়ে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। ওই পার্কের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে কাউন্টির দুটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এলাকা নিরাপদ রাখতে মিলিটারি ট্রেইল সড়কের একটি অংশে দুই দিকেই যান চলাচল বন্ধ করে দেয় শেরিফের কার্যালয়। ঘটনাস্থলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশকেন্দ্র মার-আ-লাগো থেকে ১১ কিলোমিটারেরও কম দূরে। এএফপির খবরে বলা হয়, ট্রাম্প রোববার মার-আ-লাগোতে ছিলেন এবং দুর্ঘটনার কিছুক্ষণ আগে কাছের একটি বিমানবন্দর থেকে রওনা দেন।
শেষ মুহূর্তের বার্তা
ডনে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমান চলাচল নিয়ন্ত্রণের অডিও প্রকাশকারী ওয়েবসাইট লাইভএটিসিতে মায়ামির একটি নিয়ন্ত্রণকেন্দ্রের রেকর্ডিং পাওয়া গেছে। তাতে ককপিট থেকে জানানো হয়, তাঁরা ‘বরফ সামলাচ্ছেন’ এবং ‘মাঝারি’ ঝাঁকুনির মধ্যে আছেন। এক মিনিটের কম সময় পর ‘মেডে’ সংকেত দিয়ে মিনিটে ১০ হাজার ফুট হারে নিচে নামার কথা বলা হয়। এরপর জরুরি অবস্থা ঘোষণা করে জানানো হয়, নামার হার মিনিটে ২০ হাজার ফুটে পৌঁছেছে। শেষ দিকে শোনা যায়, ‘আমরা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’। প্রথম ‘মেডে’ সংকেতের প্রায় ৩৫ সেকেন্ড পর ককপিট থেকে শেষ বার্তা ছিল, ‘আমাদের হাতে আর সময় নেই’। অডিওতে কে কথা বলছিলেন, তা শনাক্ত করা হয়নি।
ফ্লাইট অনুসরণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্যে এক পর্যায়ে বিমানটির নামার হার মিনিটে ৩২ হাজার ফুট ছাড়িয়ে যায়। আবহাওয়া সেবা প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার জানায়, সে সময় এলাকাটিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হচ্ছিল।
তদন্ত শুরু
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এফএএর সঙ্গে মিলে তদন্তের নেতৃত্ব দিচ্ছে। এফএএর নথি অনুযায়ী, বোম্বার্ডিয়ারের তৈরি বিমানটির মালিক ডেলাওয়্যারভিত্তিক একটি করপোরেশন। কানাডাভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠানটি তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে। অস্টিন-বার্গস্ট্রম বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস জানান, বিমানটি ব্যক্তিগতভাবে পরিচালিত হচ্ছিল। আরোহীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।