নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশপাশের লোকজন ছুটে আসায় দুষ্কৃতকারীরা পিস্তলের তাজা গুলি, গুলির খোসা ও নিজেদের জুতা-স্যান্ডেল ফেলে পালিয়ে যায়।
গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিমল কবিরাজ (৪৫) বনপাড়া বাজারে বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা করেন। তাঁর বাড়ি কুমরুল হিন্দুপাড়া গ্রামে। ঘটনার পর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিমলের ছোট ভাই বিপ্লব কবিরাজ জানান, দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। সঙ্গে আরও দুজন যাত্রী ছিলেন। যাত্রীদের বরাতে বিপ্লব বলেন, পথে মোটরসাইকেলে থাকা তিন দুষ্কৃতকারী ইজিবাইকের গতিরোধ করে। তাঁরা টাকাভর্তি ব্যাগসহ পরিমলকে অপহরণের জন্য হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে পেটানো হয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তলের হাতল দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও গুলি উদ্ধার করে। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। রোববার সকাল পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।