বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আদানির গোড্ডা কেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমল প্রায় ৫০০ মেগাওয়াট

বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বুধবার মধ্যরাত থেকে ইউনিটটি বন্ধ; বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, শীতে চাহিদা কম থাকায় আপাতত বড় সমস্যা হবে না।

ভারতের আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় দেশে বিদ্যুৎ সরবরাহ প্রায় ৫০০ মেগাওয়াট কমেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বলছে, শীতকাল শুরু হওয়ায় চাহিদা তুলনামূলক কম থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে আপাতত বড় ধরনের কোনো সমস্যা হবে না।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের উৎপাদন বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ শেষে ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পুনরায় চালুর কথা রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ সময় ইউনিটে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বিপিডিবি সম্মতি দিয়েছে।

আগের দিনগুলোতে দুই ইউনিট চালু থাকায় পিক আওয়ারে এই কেন্দ্র থেকে ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আসত। বৃহস্পতিবার তা নেমে এসেছে ৮২৩ থেকে ৮৪৯ মেগাওয়াটে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) ঘণ্টাভিত্তিক উৎপাদন ও আমদানির তথ্য অনুযায়ী, গোড্ডা কেন্দ্রের প্রতিটি ইউনিটের নেট সক্ষমতা ৭৪৮ মেগাওয়াট, মোট গ্রস সক্ষমতা ৮০০ মেগাওয়াট। কারিগরি নকশা ও গ্রিডের চাহিদার ওপর নির্ভর করে একটি ইউনিট সাময়িকভাবে সর্বোচ্চ প্রায় ৮৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট হলেও দিনে ও পিক আওয়ারে সাধারণত ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসত।

বিপিডিবির বক্তব্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণের এই সময়ে ইউনিটটি বন্ধ থাকলেও শীতে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।