ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার। ১৯৭৯ সালের এই দিনে কুষ্টিয়া-ঝিনাইদহের শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পা দেওয়া উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার উদ্যাপন কমিটির আহ্বায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কর্মসূচির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একই সময়ে আবাসিক হলগুলোতে জাতীয় ও হলের পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১০টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভিসি। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপাচার্য ও প্রো-ভিসির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।
শোভাযাত্রা শেষে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে প্রশাসন ভবনে কেক কাটা হবে। জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সাজানো হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আল্পনা আঁকা ও রঙিন পতাকা দিয়েও সাজানো হয়েছে।