রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) শ্রমিকদের ন্যূনতম মজুরি অবস্থানভেদে আলাদা করার প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। বর্তমানে সব ইপিজেডে একই মজুরিকাঠামো চালু আছে। গত সপ্তাহে বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান বেপজার নির্বাহী চেয়ারম্যানের কাছে প্রস্তাবটি জমা দেন।
প্রস্তাবে দেশের ইপিজেডকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে মাসিক ন্যূনতম মজুরি ১৬ হাজার ৬০৫ টাকা, আদমজী ও কুমিল্লায় ১৫ হাজার ২৫০ টাকা এবং উত্তরা, মোংলা ও ঈশ্বরদীতে ১৩ হাজার ৫৩০ টাকা চাওয়া হয়েছে। পরিকল্পনায় থাকা যশোর, পটুয়াখালী ও রংপুর ইপিজেড এবং বেপজার অর্থনৈতিক অঞ্চলকেও এই কাঠামোর আওতায় আনার কথা বলা হয়েছে। এ কাঠামো কার্যকর হলে দ্বিতীয় অঞ্চলের শ্রমিকেরা প্রথম অঞ্চলের চেয়ে মাসে ১ হাজার ৩৫৫ টাকা এবং তৃতীয় অঞ্চলের শ্রমিকেরা ৩ হাজার ৭৫ টাকা কম পাবেন।
বেপজিয়ার যুক্তি, ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের সঙ্গে গ্রামীণ বা কম ব্যয়ের এলাকার বাসাভাড়া, খাদ্য ও যাতায়াত খরচে পার্থক্য আছে। তাদের দাবি, ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী ভিন্ন মজুরিকাঠামো আছে। মূল মজুরির পাশাপাশি খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা একই রেখে শুধু বাড়িভাড়া আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনটি ইপিজেডের ভেতরে ও বাইরে একই মজুরিকাঠামোর দাবি এবং বার্ষিক মজুরি বৃদ্ধি ৯ শতাংশের বদলে ৫ শতাংশ করার দাবিও জানিয়েছে। বেপজিয়ার ঢাকা অঞ্চলের পরিচালক তপন কুমার মজুমদার বলেন, বেপজার চাওয়ায় তাঁরা প্রস্তাব দিয়েছেন; চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেপজা।
২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেডের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৮০০ টাকা, যার মধ্যে মূল মজুরি ৬ হাজার ৯৫০ টাকা। বর্তমানে তৈরি পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে মজুরি বোর্ড; সেটি চূড়ান্ত হওয়ার পরই ইপিজেডের মজুরি ঠিক হবে। মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছেন, মালিকপক্ষ এখনো প্রস্তাব দেয়নি।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার বলেন, ইপিজেডের কারখানাগুলো পণ্যের বেশি দাম পায় এবং সরকারের সুবিধাও ভোগ করে, তাই সেখানকার শ্রমিকদের মজুরি বাইরের চেয়ে বেশি হওয়া উচিত। তাঁর মতে, বিনিয়োগকারীদের প্রস্তাবিত মজুরি সাধারণ শ্রমিকেরা গ্রহণ করবেন না; মজুরি বোর্ডের সিদ্ধান্তের আগে ইপিজেডের মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি উত্তেজনাকর হতে পারে।