বাংলাদেশে ইলিশের উৎপাদন গত তিন বছরে কমছে বলে জানিয়েছেন গবেষকরা। ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবাদী ও মৎস্যকর্মীরা বলেছেন, তিন দেশের সম্মিলিত উদ্যোগ ছাড়া সংকটে পড়া ইলিশ রক্ষা সম্ভব নয়।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে। এর উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের মানুষের পরিচয়ের অংশ।
বাংলাদেশ, ভারত ও মিয়ানমারজুড়ে ইলিশ আহরণ ও বাণিজ্য থেকে প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় হয়। বিশ্বের মোট ইলিশের ৮০ ভাগের বেশি বাংলাদেশের সাগর বা জলসীমায় আহরিত বা উৎপাদিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ গবেষক মোহাম্মদ আনিছুর রহমান। তাঁর তথ্য অনুযায়ী, এক দশক আগে বাংলাদেশে ইলিশ উৎপাদন ছিল প্রায় ৩ লাখ ৫১ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা চূড়ায় উঠে ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। এরপর থেকে ধারাবাহিক অবনমন চলছে; গত তিন অর্থবছরে উৎপাদন ১০ শতাংশ কমেছে।
আনিছুর রহমান বলেন, ইলিশ একটি আন্তদেশীয় পরিযায়ী মাছ, যা জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশে বিচরণ করে। ফলে একাধিক দেশের মৎস্যসম্পদ ও জেলে সম্প্রদায়ের বিষয়টি এর সঙ্গে জড়িত। অনুষ্ঠানে বক্তারা জানান, ভারতে উৎপাদন মোটামুটি স্থিতিশীল থাকলেও মিয়ানমারেও ইলিশের উৎপাদন কমছে। ইলিশ কমে যাওয়ার পেছনে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণ রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।