বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জে বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার, সম্পূর্ণ সুস্থ জানালেন চিকিৎসকেরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তার পাশে খেলতে থাকা শিশুরা বালুর ভেতর থেকে কান্নার শব্দ শুনে স্থানীয়দের জানালে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতরে পুঁতে রাখা অবস্থায় একটি জীবিত নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শিশুটিকে লুঙ্গিতে মুড়িয়ে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে উপজেলার জালমাছমারী-মিয়াপাড়া এলাকার একটি বাগানের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে দুটি শিশু খেলাধুলা করছিল। তখন বালুর মধ্যে লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায় এবং শিশুর কান্নার শব্দ শুনতে পায়। বিষয়টি তারা বড়দের জানালে গোলাপ হোসেনসহ স্থানীয় কয়েকজন এগিয়ে আসেন। তাঁরা বালুর ভেতর থেকে অক্ষত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত। বর্তমানে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে।

কে বা কারা নবজাতকটিকে এভাবে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি ও সামাজিক প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।