বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরে কারখানা থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক কার্তিক শীল নিহত

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাছা থানার বড়বাড়ি এলাকায় হেঁটে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে আহত ৩৫ বছর বয়সী এই শ্রমিককে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গাজীপুর নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কার্তিক নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে। তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন।

ঘটনার পরপরই সেখানে যান ছিনতাই ও মাদকবিরোধী কাজে যুক্ত সংগঠন বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানার কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা কার্তিকের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, কার্তিকের বাঁ ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।